সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২
হট্টগোলে পুলিশ বাধা দিলে পিন্টু তার দলবল নিয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুলিশের ওপর হামলা হয়েছে; এ ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার দুপুরে উপজেলার পাইকুরহাটি ইউনিয়ন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছিল। এ সময় পাইকুরহাটি গ্রামের পিন্টু চন্দ্র দে জোরপূর্বক উপস্থিতিদের সারিতে ঢুকে হট্টগোল শুরু করে।
“এ সময় পুলিশ বাধা দিলে পিন্টু তার দলবল নিয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে এসআই শামীম আহমদ, কনস্টেবল নান্টু দাস, কানু বিশ্বাস ও তপু সরকার আহত হন।”
তাদেরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় শনিবার রাতেই আহত এসআই শামীম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধরের অভিযোগে মামলা দায়ের করেছেন।
এতে প্রধান আসামি করা হয়েছে পিন্টুকে। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
প্রধান আসামি পিন্টু নিজেকে পাইকুরহাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতা দাবি করলেও উপজেলা ছাত্রলীগের দায়িত্বশীলরা জানিয়েছেন বর্তমানে ওই ইউনিয়নে সংগঠনের কোনো কমিটি নেই।
ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, পিন্টু চন্দ্র দেব ইউনিয়ন ছাত্রলীগের কেউ নয়। সে অবৈধভাবে পরিচয় দেয়। তার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।
এদিকে মামলার তালিকাভুক্ত আসামি মাধব চন্দ্র দে ও জয় চন্দ্র দেকে রাতে নিজ এলাকা থেকে আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ওসি।
