২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায়’ ৫০ জেলে আটক

এর মধ্যে চাঁদপুর সদরে ৩৩ এবং হাইমচরে আটক হয়েছেন ১৭ জন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 08:58 PM

Updated : 22 Oct 2023, 09:25 PM

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরায় চাঁদপুর সদর ও হাইমচর থেকে ৫০ জেলেকে আটক করা হয়েছে।


গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দুপুর ১টা পর্যন্ত উপজেলা টাস্ক ফোর্সের অভিযানে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট এলাকার মৎস্য কর্মকর্তারা জানান।

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মৎস্য আহরণের ওপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলমান আছে। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

এরই অংশ হিসেবে সংশ্লিষ্টদের এ অভিযান।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদপুর সদরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান করা হয়। এ সময় ৩৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় ৮০ হাজার মিটার কারেন্ট জাল, চারটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।

এদিকে, হাইমচরে অভিযানে অংশ নেওয়া জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ জানান, রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা টাস্ক ফোর্স মেঘনা নদীতে অভিযান করে ১৭ জেলেকে আটক করে। একই সময় দুটি মাছ ধরার নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।