ধর্ষণের অভিযোগ, পালানোর চেষ্টায় নদীতে ঝাঁপ পুলিশের
মেয়েটির স্বজনরা ৯৯৯-এ কল দিলে পালানোর চেষ্টায় নদীতে ঝাঁপ দেন ওই পুলিশ সদস্য।
বরিশালে বাড়িওয়ালার মেয়েকে ধর্ষণের মামলায় এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় কীর্তনখোলা নদী থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম।
কাওছার আহাম্মেদ নামের ওই ব্যক্তি বরিশাল জেলা পুলিশ হাসপাতালে কর্মরত। নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার বুকভিলা গলির একটি বাসায় স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়া থাকেন।
মামলার বরাতে ওসি বলেন, গত জানুয়ারিতে নগরীর দক্ষিণ আলেকান্দার একটি বাসা ভাড়া নেন কাওছার। পরে বাড়িওয়ালার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
“সম্প্রতি মেয়েটি অসুস্থ হয়ে পড়লে কাওছারের সঙ্গে সম্পর্কের বিষয়টি তার পরিবারকে জানান। পরে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।”
ওসি বলেন, বৃহস্পতিবার ত্রিশ গোডাউন এলাকায় কাওছারকে খুঁজে পায় মেয়েটির দুই স্বজন। তারা কাওছারের সঙ্গে কথপোকথনের এক পর্যায়ে ৯৯৯-এ কল দেন। তখন পালানোর চেষ্টায় নদীতে ঝাঁপ দেন কাওছার।
“পরে কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছে ট্রলার নিয়ে মাঝ নদী থেকে কাওছারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতেই ওই তরুণী ধর্ষণের অভিযোগে সেই কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
