পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ছিটকে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু
স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুড়মারি এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান।
নিহত ৩৩ বছর বয়সী উজ্জ্বল হোসেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার বর্কতুর নন্দনগাছি গ্রামের জামাল উদ্দীনের ছেলে। তিনি ওষুধ কোম্পানি রেনেটার প্রতিনিধি হিসেবে তেঁতুলিয়ায় কর্মরত ছিলেন।
ওসি বলেন, প্রতিষ্ঠানের আঞ্চলিক সভায় যোগ দিতে তেঁতুলিয়া থেকে মোটরসাইকেলে করে দিনাজপুরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়।
পরে উজ্জ্বলকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
