গোপালগঞ্জে কাঁচা মরিচের দাম ‘নাগালে’
কাঁচা মরিচের দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা।
জেলা প্রশাসনের বাজার মনিটরিং জোরদার ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গোপালগঞ্জে কাঁচা মরিচের দাম কমেছে।
সোমবার গোপালগঞ্জের আড়তে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০ টাকা থেকে ৫০ টাকা আর খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক মামীম হাসান বলেন, “জনস্বার্থে কাঁচা মরিচসহ সব পণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীরা আন্তরিকতার সঙ্গে কাঁচা মরিচের আমাদনি বৃদ্ধি করেছেন। এ কারণে দাম কমেছে।”
নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ন্যয্যমূল্যে সরবরাহের লক্ষ্যে এই অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গোপালগঞ্জ বাজারে গত ২০ দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকা উঠে যায়। এরপর জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে মাঠে নামেন।
তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। পরে ব্যবসায়ীরা বিভিন্ন মোকাম থেকে গোপালগঞ্জে কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি করেন। ২০ দিনের ব্যবধানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচে কেজিতে ২২০ টাকা কমেছে।
কাঁচা মরিচের দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসায় ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জেলা শহরের সুবর্ণা ইসলাম বলেন, “প্রশাসন ও ব্যবাসায়ীরা আন্তরিক হলেই যে কোন পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। তার উৎকৃষ্ট উদাহরণ গোপালগঞ্জের কাঁচা মরিচের বাজার। এভাবেই উদ্যোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে হবে।
“সেই সঙ্গে অতি লোভী মুনাফাখোর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে আমাদের মতো সাধারণ মানুষ ন্যয্যমূল্যে পণ্য কিনতে পারবে বলে আমি বিশ্বাস করি।”
গোপালগঞ্জের কাজী ভাণ্ডারের মালিক জাহিদ কাজী বলেন, “এই সময় সাধারণত কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। এই কারণে দাম বৃদ্ধি পায়। এ বছর আড়তে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২৪০ টাকায় উঠে যায়। তারপর বাজার মনিটিরিং টিম কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে।
“আমরাও তাদের আহ্বানে সাড়া দিয়ে কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি করি। এছাড়া মোকামেও কাঁচা মরিচের দাম কমেছে। এসব করণে
গোপালগঞ্জে হাট বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে এসেছে।”
খুচরা মরিচ বিক্রেতা শাহিন মুন্সি বলেন, “আমি ভ্যানে করে কাঁচা মরিচ বিক্রি করি। সোমবার প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকা দরে বিক্রি করেছি। বাজারে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এই কারণে কাঁচা মরিচের দাম কমেছে।”
গোপালগঞ্জ শহরের বড় বাজরের সবজি ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, সকালে আড়ত থেকে ৫০ টাকা থেকে ৬০ টাকা দরে ভাল মানের জিয়া ও স্থানীয় জাতের কাঁচা মরিচ কিনেছি। এই মরিচ আমরা ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছি।
তিনি জানান, ১৫ দিন আগে প্রতি কেজি মরিচ ৩০০ টাকা দরে বিক্রি করেছি। তখন ক্রেতারা ১০০ গ্রাম করে কাঁচা মরিচ কিনেছেন। এখন দাম নিয়ন্ত্রণে আসায় ক্রেতারা ৫০০ গ্রাম থেকে ১ কেজি করে কাঁচা মরিচ কিনছেন।
