২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

ব্যাটারিচালিত রিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি৷

নারায়ণগঞ্জে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2022, 03:08 PM

Updated : 12 Aug 2022, 03:07 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় চালকে হত্যার পর ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক দিপু জানান, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পশ্চিম পাশে চাঁদমারী এলাকায় বেইলী স্কুলের গলির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

মৃত মো. দুলাল (২০) শেরপুর জেলার ঝিনাইগাতি থানার দুধনই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে৷ ফতুল্লার তল্লা গ্রিনরোডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি৷

তার বড়ভাই আলাল সাংবাদিকদের বলেন, “দুলাল গ্রিনরোডের শাহ্ আলম নামের একটি গ্যারেজের ব্যাটারি চালিত রিকশাটি ভাড়ায় চালাতো। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রিকশা নিয়ে বের হয় সে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় গ্যারেজের ম্যানেজার জহির ফোনে করে দুলাল খুন হয়েছে বলে আমাদের জানান।“

গ্যারেজের আরেক রিকশাচালক শাহ্ আলম বলেন, “রাত ৩ দিকে বেইলী স্কুলের গলির সামনের দিয়ে যাওয়ার সময় দুলালের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে গ্যারেজের মালিক ও ম্যানেজারকে বিষয়টি ফোন করে জানাই৷”

ওসি রিজাউল বলেন, দুলালের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। আর ব্যাটারিচালিত রিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি৷ রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা দুলালকে হত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।