নোয়াখালী বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে ৩২ ছাত্রীকে হয়রানির অভিযোগ
শিক্ষা বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ৩২ জন শিক্ষার্থী অনুষদের ডিন বরাবর এ অভিযোগ দেন এক সপ্তাহ আগে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ নানাভাবে হয়রানির অভিযোগ করেছেন কয়েকজন ছাত্রী।
সহকারী অধ্যাপক এস এম মুশফিকুর রহমান ওরফে আশিকের বিরুদ্ধে শিক্ষা বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ৩২ জন শিক্ষার্থী অনুষদের ডিন বরাবর এ অভিযোগ দেন এক সপ্তাহ আগে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। অভিযোগ তদন্ত করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
লিখিত অভিযোগে শিক্ষার্থীরা বলেন, কয়েক বছর ধরে তারা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুশফিকুর রহমানের যৌন হয়রানি, মানসিক নির্যাতনসহ নানা পক্ষপাতপূর্ণ আচরণের শিকার হয়ে আসছেন। যার সর্বশেষ প্রতিফলন ঘটেছে সম্প্রতি শেষ হওয়া সেমিস্টার পরীক্ষার ফলাফলের ওপর।
এতে যেসব শিক্ষার্থী তার কথামতো চলেন না, তার কক্ষে গিয়ে সময় দেন না, তাদের নম্বর কমিয়ে দেওয়া হয়েছে; আর যারা তার সঙ্গে ‘সুসম্পর্ক’ বজায় রেখেছেন, তাদের বেশি নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়।
এ কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হওয়ার উপক্রম এবং তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও তাদের অভিযোগ।
বিভাগের এক ছাত্রী অভিযোগ করেন, পরীক্ষার ফলাফল নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে কোনো কারণ ছাড়াই ছাত্রীদের রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সময়ে নিজের অফিস কক্ষে বসিয়ে রাখেন মুশফিকুর রহমান।
অনলাইন পরীক্ষার ভাইভা বোর্ডে ছাত্রীদের শাড়ি পরা নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন বলেও এই শিক্ষার্থীর অভিযোগ।
এসব অভিযোগের বিষয়ে এস এম মুশফিকুর রহমান বলেন, তিনি অভিযোগগুলো দেখেছেন। একটি অভিযোগেরও সত্যতা নেই। কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পরিকল্পিতভাবে অভিযোগগুলো সাজিয়েছে।
