যশোরে রিকশাচালককে হাতুড়িপেটায় হত্যা
হামলাকারীরা তার পায়ের একাধিক স্থান ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় এবং হাতুড়ি দিয়ে মেরে দুই পায়ের হাড় ভেঙে দেয়।
যশোর সদরের এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করেছে একদল হামলাকারী; তবে এর কারণ জানা যায়নি।
উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে।
নিহত আলম মণ্ডল (৩৫) ছাতিয়ানতলা গ্রামের সামছুদ্দিনের ছেলে। তিনি রিকশাচালক ছিলেন।
যশোর কোতোয়ালি থানার এসআই রফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে গ্রামের ১৫/১৬ জন যুবক আলম মণ্ডলকে স্থানীয় কাজীর বাগানে নিয়ে মারধর করে। হামলাকারীরার তার পায়ের একাধিক স্থান ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পায়ের হাড় কয়েক খণ্ড করে দিয়েছে।
তিনি জানান, পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়।
নিহত আলমের ছেলে ইমরান হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে তিনি কাজীর বাগানে গিয়ে তার বাবাকে হাত-পা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে বিকাল সাড়ে ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক শুভাশীষ রায় বলেন, মারধরে আঘাতজনিত কারণে তার মৃত্যু হতে পারে। দুই পা ভেঙে গেছে মারধরে।
এসআই রফিকুল আরও জানান, হত্যার কারণ বলতে পারেননি পরিবারের সদস্য ও স্থানীয়রা। মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
