উপমন্ত্রী শামীমের বেড়েছে অস্থাবর সম্পদ
বর্তমানে উপমন্ত্রীর বার্ষিক আয় ১৮ লাখ ৩৪ হাজার ৯৭৮ টাকা। সেখানে নির্ভরশীলদের বার্ষিক আয় ৬৮ হাজার ৩৪ টাকা দেখানো হয়েছে।
পাঁচ বছরের ব্যবধানে পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীমের অস্থাবর সম্পত্তি বেড়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
পেশায় রাজনীতিবিদ শামীমের এবারের বার্ষিক আয় ১৮ লাখ ৩৪ হাজার ৯৭৮ টাকা। সেখানে নির্ভরশীলদের বার্ষিক আয় ৬৮ হাজার ৩৪ টাকা দেখানো হয়েছে।
এবারের হলফনামা অনুযায়ী শামীমের বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ১১ লাখ ৪০ হাজার ৬০২ টাকা। পাঁচ বছর আগে তার অস্থাবর সম্পদ ছিল ১ কোটি ৫২ লাখ ৭ হাজার ৭৪৯ টাকা। সে হিসেব অনুযায়ী তার অস্থাবর সম্পদ বেড়েছে ৪৬ লাখ ১২ হাজার ৮৫৩ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে শামীমের নিজ নামে আছে নগদ ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা। বৈদেশিক মুদ্রা ৩৩ হাজার ৫৫৭ ডলার (প্রায় ৩৩ লাখ ৯৩ হাজার ২৫০ বাংলাদেশি টাকায়), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩৬ লাখ ৪১ হাজার ২৮৭ টাকা। বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত খাতে রয়েছে ৩৮ লাখ ৩৫ হাজার ৬৫ টাকা।
পরিবহন খরচ (অর্জনকালীন মূল্য) ৭৮ লাখ ৫০ হাজার টাকা। বিয়ের সময় উপহার হিসেবে পাওয়া ১৫ তোলা সোনা, ইলেট্রনিক সামগ্রী ২ লাখ ৮০ হাজার টাকা, আসবাবপত্রে ১ লাখ ৫৫ হাজার টাকা, অন্যান্যতে ৫ লাখ, ল্যাপটপে ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ২ লাখ ৬০ হাজার টাকার সরকারি লাইসেন্স প্রাপ্ত পিস্তল, বন্দুক ও গুলিতে এবং ঢাকা ক্লাবের মেম্বারশিপে ৫ লাখ ৫০ হাজার টাকা।
স্ত্রীর নামে অস্থাবর সম্পদের মধ্যে আছে নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা ও ৪৩ হাজার ১৬৯ ইউএস ডলার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩৬ লাখ ১৬ হাজার ৮২ টাকা। বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে ২৫ লাখ ১৫ হাজার ৯৮৬ টাকা। বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত খাতে ৬৮ লাখ ৭৭ হাজার ৪৭৯ টাকা।
বিয়ের উপহারের ৫০ তোলা সোনা। ইলেট্রনিক সামগ্রী ১ লাখ ৫০ হাজার টাকা। সিলিং ফ্যান, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভে ১ লাখ ৫০ হাজার। এ ছাড়া ডাইনিং টেবিল, ওয়ারড্রপ, চেয়ার, ড্রেসিং টেবিলে ৩ লাখ ৫০ হাজার এবং ঢাকা ক্লাবের মেম্বারশিপে ৫ লাখ টাকা।
শামীমের নির্ভরশীলদের নামে অস্থাবর সম্পদ ১১ লাখ ৬ হাজার ৫৮৮ টাকা দেখানো হয়েছে।
অস্থাবর সম্পত্তি বাড়লেও শামীমের স্থাবর সম্পত্তির পরিমাণ কমেছে।
হলফনামা অনুযায়ী শামীমের বর্তমান স্থাবর সম্পদের পরিমাণ ৪২ লাখ ৯০ হাজার ১১০ টাকা। পাঁচ বছর আগে তার স্থাবর সম্পদ ছিল ৬৭ লাখ ৭৫ হাজার ১১০ টাকা। সে হিসেব অনুযায়ী, তার স্থাবর সম্পদ কমেছে ২৪ লাখ ৮৫ হাজার টাকা।
শামীমের নিজ নামে আছে ৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের ১৯২ দশমিক ৯২৪ শতাংশ কৃষিজমি। ১ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ২ দশমিক ৮৯৮ শতাংশ অকৃষি জমি। ৩৪ লাখ ৪৭ হাজার ৬১০ টাকা মূল্যের একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট।
শামীমের স্ত্রীর নামে আছে ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের অকৃষি জমি।
আর নির্ভরশীলদের নামে ৩২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের অকৃষি জমি দেখানো হয়েছে।
শামীমের গাড়ির বাবদ ৩৩ লাখ ৬৬ হাজার ৯৬২ টাকা ঋণ রয়েছে।
তার নামে শরীয়তপুরের ডামুড্যা থানায় ১৯৯৩ সালের ১৫ জানুয়ারি একটি মামলা হয়েছিল। মামলাটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই রাষ্ট্র প্রত্যাহার করে নেয়।
