২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে লাশ হলেন তিনজন

গুরুতর অবস্থায় আরও পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে লাশ হলেন তিনজন

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 10:24 PM

Updated : 30 Jun 2023, 10:24 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান জানান।

নিহতরা হচ্ছেন- টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭), আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬) এবং শাহজাহান মিয়ার ছেলে ইজিবাইকের চালক মো. বাবু মিয়া (৩৫)।

নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষে ওরা ১১ বন্ধু ঘুরতে বেরিয়েছিলো। দ্রুতগামী পরিবহনের বাসটি গোপালপুর থেকে ঢাকায় যাচ্ছিল। বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তাদের মধ্যে কয়েকজন আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির জাহিদ হাসান বলেন, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে।