হবিগঞ্জে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
দুই বন্ধু চা বাগান ঘুরে ফেরার পথে ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ইজিবাইকের তিনি যাত্রী।
শুক্রবার বিকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার সতং গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নয়ন মিয়া (২৩) এবং হলহলিয়া গ্রামের আজগর খানের ছেলে মুহাদ্দিস (২২)।
আহতরা হলেন- হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. জসিম মিয়া (২৮), সতং বাজারের হানিফ মিয়ার ছেলে মো. সিহাব মিয়া (২৫) এবং পাকুরিয়া গ্রামের দিদার মিয়ার ছেলে জুবেল (২০)। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, বিকালে মোহাদ্দিছ ও তার বন্ধু নয়ন মোটরসাইকেলে করে চান্দপুর চা বাগানে ঘুরতে যান। ফেরার পথে একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাদ্দিছ ও নয়ন মারা যান। আহত হন ইজিবাইকের তিন যাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
