গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
দই কিনতে ভাইয়ের মোটরসাইকেল নিয়ে মুকসুদপুর উপজেলা সদরের বাজারে গিয়েছিলেন তুহিন।
গোপালগঞ্জের মুকসুদপুরে ঈদের ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর-চাঁদহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মুকসুদপুর থানার এসআই মফিজুর রহমান।
নিহত তুহিন মিয়া উপজেলার কমলাপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। ৩৫ বছরের তুহিন ডেসকোতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রের বরাতে এসআই মফিজুর জানান, ঈদের ছুটিতে বৃহস্পতিবার সকালেই ঢাকা থেকে তুহিন বাড়িতে আসে। পরে দই কিনতে ভাইয়ের মোটরসাইকেল নিয়ে মুকসুদপুর উপজেলা সদরের বাজারে যান।
পরে বাজার থেকে বাড়ি ফেরার সময় কমলাপুর-চাঁদহাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই তুহিন নিহত হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
