পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন পুলিশ সদস্য, পথে বাসচাপায় গেল প্রাণ
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান বলে জানায় পুলিশ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন; যিনি পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান।
নিহত হিটলার বিশ্বাস (৩৫) গোপালগঞ্জের বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন হিটলার। পথে সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান এসআই সোহেল খান।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এই পুলিশ কর্মকর্তা।
