২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে পদ্মার পানি, দৌলতদিয়ায় ফেরি ঘাটে ভাঙন

এ কারণে ফেরি চলাচলে কোনো সমস্যা হচ্ছে না

বাড়ছে পদ্মার পানি, দৌলতদিয়ায় ফেরি ঘাটে ভাঙন

রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে ভাঙন

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 03:11 PM

Updated : 07 Sep 2022, 03:11 PM

পদ্মার পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ভাঙন শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে ৫ নম্বর ফেরি ঘাট এলাকায় ১৫ মিটার নদীতে বিলীন হয়ে যায়; এরপর থেকে ঘাটটি সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান।

বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, ভাঙনের কারণে ৫ নম্বর ফেরি ঘাটটির পন্টুন পানির মধ্যম স্তর থেকে উচ্চ স্তরে উঠিয়ে রাখা হয়েছে। সকাল থেকে সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে কর্তৃপক্ষ।

প্রকৌশলী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন দৌলতদিয়া প্রান্তের চারটি ঘাট (৩, ৪, ৬, ৭ নম্বর) চালু রয়েছে। ফলে পারাপারে কোনো সমস্যা হচ্ছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপাতত ফেরি ভিড়তে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

“এখনও চারটি ঘাট সচল রয়েছে। সব থেকে বড় কথা যানবাহনের চাপ নেই। যে কারণে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।”