Published : 26 Oct 2022, 01:28 PM
গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ১৫ বাসযাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পঞ্চবটীতে এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানান কাশিয়ানী থানার এসআই মো. সেলিম মিয়া।
নিহত মুরাদ (৪৫) বিআরটিসি বাসের চালক। আহতদের মধ্যে গুরুতর আহত আট জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই সেলিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ যাচ্ছিল। বাসটি কাশিয়ানী উপজেলার পঞ্চবটী পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) মারা যান। ইমাদ পরিবহনের চালক, হেলপার, সুপারভাইজারসহ দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।”
এ ঘটনায় ইমাদ পরিবহনের চালকের বাম পা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ১টার দিকে দুঘর্টনাকবলিত বাস দুটি সড়ক থেকে অপসারণ করা হলে যানচালাচল স্বাভাবিক হয়ে আসে বলে জানান এসআই সেলিম।