শেরপুর জেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার
তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
দল পাল্টে প্রার্থী হওয়ায় শেরপুর জেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির প্যাডে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাক্ষরিত নোটিসে তাদের বহিষ্কার করা হয় বলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ জানান।
বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. জায়েদুর রশীদ শ্যামল এবং নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ।
নোটিসে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, “মোহাম্মদ আব্দুল্লাহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং মো. জায়েদুর রশীদ শ্যামল শেরপুর-২ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।”
এদিকে, নিজেকে বিএনএম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট দাবি করে মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আগে তিনি বিএনপি করলেও ২০১৮ সাল থেকে নিষ্ক্রিয় ছিলেন।
বিএনপি থেকে বহিষ্কারের নোটিস এখনও পাননি জানিয়ে তিনি বলেন, “তারা (বিএনপি) তাদের সিদ্ধান্ত দিয়েছে; এ ব্যাপারে আমার বলার কিছু নেই।”
