মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মাদারীপুর শহরে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরে শহরের শকুনি লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
পুলিশ জানায়, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের ‘স্বাধীনতা অঙ্গনে’ বিকাল ৪টায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিস্ফোরণের সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি আবুল কালাম আজাদ বলেন, “দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
