সাতক্ষীরায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১টার দিকে বাড়ির বাইরে পড়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্বজনরা।
পুলিশ বলছে, গৃহবধূ তাসকিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী। ইসমাইল বিভিন্ন জেলায় দিনমজুরের কাজ করেন।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ বলেন, সোরা গ্রামটিতে যাতায়াত দুর্গম হওয়ায় সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহতের জা পারুল বলেন, “তাসকিয়া সেজ দেবরের স্ত্রী। কাজের জন্য দেবর বাড়িতে নেই। রাত ১টার দিকে তাসকিয়ার দুই ছেলের কান্না শুনে আমি ওদের ঘরে যাই। গিয়ে দেখি তাসকিয়া ঘরে নেই। ছেলে দুটি খাটের ওপর বসে কাঁদছে।”
তিনি আরও বলেন, “আমার ভাসুর তাসকিয়া বাথরুমে গেছে কি-না দেখতে বলেন। কিন্তু সেখানেও না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে লাইট মারতেই দেখি তাসকিয়ার রক্তাক্ত মরদেহ। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে সবাইকে ডাকি।”
ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।
