১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে হত্যা মামলার আসামির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি হাজতে ছিলেন; কয়েকদিন আগে জামিনে ছাড়া পান।

কক্সবাজারে হত্যা মামলার আসামির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 08:07 PM

Updated : 03 Mar 2023, 08:07 PM

কক্সবাজারের রামুতে হত্যা মামলার এক আসামির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, যিনি কয়েকদিন আগে জামিনে ছাড়া পেয়েছিলেন।

রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন জানান, শুক্রবার সকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের কানারাজার গুহা এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত হাবিব উল্লাহ (২৫) রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লটউখিয় ঘোনার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, গত ২০১৮ সালে সংঘটিত এক হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন হাবিব উল্লাহ। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।

ওসি আনোয়ারুল বলেন, শুক্রবার সকালে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের কানারাজার গুহা এলাকায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

"নিহতের মাথা, বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছয়টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।"

ওসি বলেন, হাবিব উল্লাহ একটি হত্যা মামলার আসামি ছিলেন। তিনি ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান।

আনোয়ারুল আরও জানান, খুনের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে হত্যা মামলার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর হত্যা প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কাউয়ারখোপ ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য আজিজুল হক বলেন, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে হাবিব উল্লাহ বাড়ি থেকে বের হন; রাতে আর ফেরেননি। সকালে স্থানীয় কানারাজার গুহার সামনে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানানা ওসি আনোয়ারুল হোসাইন।