কুমিল্লায় একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ
বেলা গড়ালেও মা-ছেলের সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে গেলে স্থানীয়রা ঘরের ভেতরে একই রশিতে মরদেহ দু'টি ঝুলতে দেখেন।
কুমিল্লার হোমনা উপজেলায় একই রশি থেকে মা ও তিন বছর বয়সী ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভাসানিয়া ইউনিয়নের ফকির পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হোমনা থানার ওসি সাইফুল ইসলাম।
নিহতরা হলেন, ওই এলাকার জজ মিয়ার ছেলে বাবু মিয়ার স্ত্রী সাজিদা আক্তার (২১) এবং তাদের ছেলে মো. আব্দুল্লাহ।
বাবু স্থানীয় আসবাবপত্রের দোকানে মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন।
ওসি সাইফুল বলেন, সকাল ৯টার দিকে স্ত্রী ও সন্তানকে রেখে দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন বলে জানিয়েছেন বাবু মিয়া।
“কিন্তু বেলা গড়ালেও মা-ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে গেলে স্থানীয়রা ঘরের ভেতরে একই রশিতে মরদেহ দু'টি ঝুলতে দেখেন। তারা খবর দিলে দরজা ভেঙে ঘরে ঢুকে মরদেহ দুটো উদ্ধার করে পুলিশ।”
বেলা ১টার দিকে ওসি বলেন, নিহত গৃহবধূর স্বামী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, এই মৃত্যুর কারণ বা রহস্য এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন।
“ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর মূল কারণ জানা যাবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”
