ফেনীতে অস্ত্র মামলায় ৭ যুবকের ২২ বছর কারাদণ্ড
২০১৪ সালের ২৫ এপ্রিল কয়েকটি দেশীয় অস্ত্রসহ যুবকদের আটক করে পুলিশ।
ফেনীতে অস্ত্র মামলায় সাত যুবকের ২২ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে।
বুধবার জেলার অতিরিক্ত দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন।
আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিলানী জানান, রায় ঘোষণার সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন। দুই আসামি পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফেনী সদরের লেমুয়া ইউনিয়নের নারায়ণপুর পাটোয়ারী বাড়ির আবদুল হকের ছেলে মহি উদ্দিন (২৬), কসবা দক্ষিণ ছনুয়ার রুহুল আমিনের ছেলে ওসমান গনি (২৮), আবু তাহেরের ছেলে হুমায়ুন কবির মিন্টু (২৭), নতুন বাড়ির মো. ইব্রাহিমের ছেলে মো. ইয়াছিন (২৬), কসবার জাফর আলী জমাদ্দার বাড়ির নুরুল হুদার ছেলে মো. শাখাওয়াত হোসেন (২২), নারায়ণপুর পাটোয়ারী বাড়ির মো. মোস্তফার ছেলে নুরুল ইসলাম জিয়া (২০) ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের রবু বুলির বাড়ির আবদুল হকের ছেলে সফিকুল ইসলাম সবুজ (২৪)।
এদের মধ্যে সাইফুল ইসলাম সবুজ ও নুরুল ইসলাম জিয়া পলাতক রয়েছেন।
ওই আদালতের এপিপি ফরিদ আহম্মদ হাজারী জানান, ২০১৪ সালের ২৫ এপ্রিল ভোরে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, কার্তুজ লোড করা একটি পাইপগান, একটি একনলা বন্দুক, দুটি ছোরা, তিনটি রামদা, আটটি তাজা ককটেলসহ সাত যুবককে আটক করে পুলিশ।
এ ঘটনায় ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. ফিরোজ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বিচারকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। যুক্তিতর্ক শেষে আসামিদের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১৫ বছরের সশ্রম ও ১৯ (চ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এপিপি ফরিদ আহম্মদ হাজারী আরও জানান, আসামিদের উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর থেকে তাদের সাজা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
