২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেন্দিগঞ্জে চুরি ঠেকাতে গ্রামবাসীর মানববন্ধন, স্মারকলিপি

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বলেন, ধারাবাহিক চুরির ঘটনায় সিন্নিরচর গ্রামবাসী রাতে বসিয়েছে পাহারা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 11:43 PM

Updated : 21 Jan 2024, 11:43 PM

বরিশালের মেহেন্দিগঞ্জে ধারাবাহিকভাবে চুরির ঘটনার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করেছেন; দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ থানার ওসি বরাবর স্মারকলিপি। 

রোববার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা চত্বরে মানববন্ধন করা হয় বলে জাঙ্গালিয়া ইউপির চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী জানিয়েছেন। 

কাদের ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউপির ৯ নম্বর ওয়ার্ড সিন্নিরচর গ্রামে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। 

সম্প্রতি সিন্নিরচর বাজারে ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের মুদি ও শফি বয়াতির দোকানে চুরি হয়েছে। 

সিন্নিরচর গ্রামের শুক্কর হাওলাদারের একটি গরু চুরি হয়েছে এবং শাহীন চৌকিদারের গরু চুরির চেষ্টা করেছে চোরচক্র। 

এছাড়াও আজিজুল কাজীর ট্রলারের ইঞ্জিন চুরিসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। 

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ধারাবাহিক চুরির ঘটনায় সিন্নিরচর গ্রামবাসী রাতে বসিয়েছেন পাহারা। 

প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি গ্রামবাসী। 

তাই গ্রামবাসী অতিষ্ঠ হয়ে মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম এবং ওসি মো. ইয়াছিনুল হকের কাছে স্মারকলিপি দিয়েছেন। 

মানববন্ধনে সমাজকর্মী মতিউর রহমান মাতব্বর, মোসলেম উদ্দিন মুসা বয়াতি, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মাল, ফারুক চৌকিদার, কবির হাওলাদার, মালেক মোল্লা, অবসরপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলামসহ সিন্নিরচর গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেন। 

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি স্মারকলিপি পেয়েছি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।”