২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটারের জাল স্বাক্ষর, টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল

“ভূঞাপুরের মাদারিয়া পূর্বপাড়া গ্রামের এক ভোটারের স্বাক্ষর নেওয়া হয়েছে। তবে তিনি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছেন।”

ভোটারের জাল স্বাক্ষর, টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল

ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2023, 04:31 PM

Updated : 02 Dec 2023, 04:44 PM

ভোটারের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম তার মনোনয়ন পত্র বাতিল করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু সম্প্রতি গোপালপুর উপজেলার চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন। পরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, সতন্ত্র প্রার্থী হিসেবে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু তার আবেদনের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। সেখান থেকে ১০ ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই বাছাই করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।

“সেখানে ৯ জন ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়। তবে একজন ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়নি। ”

জেলা প্রশাসক আরও বলেন, তার মনোনয়ন পত্রে ভোটারের স্বাক্ষরে ভূঞাপুরের মাদারিয়া পূর্বপাড়া গ্রামের এক ভোটারের স্বাক্ষর নেওয়া হয়েছে। তবে তিনি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছেন।

“ফলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা ২০১১ এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। পরে আইন অনুযায়ী তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।”

এ বিষয়ে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, “তিনি স্বাক্ষর দেওয়ার পর বিষয়টি অস্বীকার করছেন। তবে তার বাড়িতে তাকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আমি আপিল করব।”