ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ভাইয়ের মনোনয়নপত্র জমা
“ঠাকুরগাঁও-১ আসনকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে, আমাদের সকলেরই একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই।”
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমীন।
রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন।
মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের মির্জা ফয়সল আমীন বলেন, “উন্নয়নের ধারা শতভাগ অব্যাহত থাকবে। কারণ যে সরকার এই মুহুর্তে বাংলাদেশে ক্ষমতায় আছেন, সেই সরকারি দলের একজন প্রার্থী হিসেবে আমি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। অতএব উন্নয়নের ধারাবাহিকতা কোনাভাবেই ব্যহত হওয়ার সুযোগ নেই।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মির্জা ফয়সল আমীন আরও বলেন, “ঠাকুরগাঁও-১ আসনকে নিয়ে আমার প্রত্যাশা মূলত, আমার একটা স্বপ্ন আছে, আমাদের সকলেরই একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই।
“আমরা দেখতে চাই, ঠাকুরগাঁও একটা অসাধারণ সুন্দর, আবাসযোগ্য জনপদের ভূমি হয়ে প্রস্ফুটিত হবে। এখানে মানুষ শান্তিতে বসবাস করবে, এখানে বেকারদের কর্মসংস্থান হবে; এখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। আমি সেই স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোই আমরা করতে চাই।”
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময়।
ঠাকুরগাঁও-১ আসনটি সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত।
