কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনা
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা রোববার রাতে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নিলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
বিশ্ববিদ্যালয়ের বাসে ‘সিট’ রাখাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি হলের এক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠছে আরেক হলের নেতাদের বিরুদ্ধে।
এ ঘটনায় দুই হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনায় আতঙ্কে আছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলে। সোমবার সকাল থেকেও পরিস্থিতি থমথমে।
বাসে সিট রাখাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সিফাতের সঙ্গে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর কথা কাটাকাটি হয়।
সিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কথা কাটাকাটাইর এক পর্যায়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব মবিনসহ কয়েকজন আমার গায়ে হাত তোলে।“
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, “আমরা ঘটনা জানতে পেরে রাতেই (বৃহস্পতিবার) আরও কয়েকজন নেতাকে নিয়ে সাকিব ও সিফাতসহ আরও কয়েকজনকে নিয়ে মিটিং করেছিলাম। বিষয়টি তখনই মিটমাট করে দেওয়া হয় । কিন্তু দেখা গেছে কোন পক্ষই ওই রাতের বৈঠকের সিদ্ধান্ত মেনে নেয়নি।”
মাজেদ জানান, বিরোধ মেটাতে রোববারও দুই হলের নেতা-কর্মীদের নিয়ে তারা বসেছিলেন। কিন্তু কথাবার্তার এক পর্যায়ে দুই পক্ষই উত্তেজিত হয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
রোববার সন্ধ্যা ৭টার দিকে দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষই লাঠিসোঁটা হাতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।
মধ্যরাতের পর তারা হলে ফিরে গেলেও বিরোধ না মেটায় সংঘাতের আশঙ্কায় আছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, “এরকম ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দুই হলের কর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় বিরোধের সমাধান করা সম্ভব হয়নি।“
রোববার ও বৃহস্পতিবারের ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে সবুজ বলেন, “এরপর দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।“
আর বিষয়টিতে দুই হলের ছাত্রলীগ কর্মীদের ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে বর্ণনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, “আমরা সার্বিক অবস্থা পর্যেবক্ষণ করেছি। তাদের নিজেদের মধ্যে সমস্যা, তারা সমাধান করার চেষ্টা করেছে।“
ছাত্রলীগ নেতা-কর্মীরা নিজেরা সমাধানে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘এগিয়ে যাবে’ বলে জানান প্রক্টর।
