তিন মাস পর সবার জন্য মুক্ত হচ্ছে সুন্দরবন
‘পর্যটকদের আগমন উপলক্ষে বনবিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।’
বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হিসেবে তিন মাস অবরুদ্ধ থাকার পর ফের উন্মুক্ত হচ্ছে সুন্দরবন।
বৃহস্পতিবার থেকে সবাই সেখানে যেতে পারবেন বলে সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান।
তিন মাস পর চালু হওয়া এবং এবার পদ্মা সেতুর সুবিধা থাকায় এখন থেকে সুন্দরবনে পর্যটকের ঢল নামবে বলে আশা করছে বনবিভাগ।
ডিএফও বেলায়েত বলেন, বন্যপ্রাণী ও মাছের প্রজনন বৃদ্ধির জন্য গত ১ জুন থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সবার জন্য নিষিদ্ধ করা হয় সুন্দরবন।
“এ সময় বন্যপ্রাণীরা কোলাহলমুক্ত পরিবেশ পেয়েছে। তারা অবাধে বিচরণ এবং নিরাপদে প্রজনন করতে পেরেছে। একই কারণে বনের নদী-খালে আগামীতে মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে বলে ধারণা করছি।”
তাছাড়া এখন থেকে সুন্দরবন যাওয়ার জন্য রাজধানীর পর্যটকরা পদ্মা সেতুর সুবিধা পাবেন, যা গত ২৬ জনু সবার জন্য খুলে দেওয়া হয়, যে সময় সুন্দরবন ছিল তিন মাসের নিষেধাজ্ঞায়।
ডিএফও বেলায়েত বলেন, “পদ্মা সেতু চালু হওয়ায় সুন্দরবনে এবার পর্যটকদের একটা বড় চাপ সৃষ্টি হতে পারে। পর্যটকদের আগমন সামনে রেখে বনবিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পর্যটকদের বন দেখার সুবিধার্থে সাতটি নতুন ইকোট্যুরিজম কেন্দ্র চালু করা হয়েছে।
“পর্যটকরা এক জায়গায় জড়ো না হয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ভালোভাবে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন যাতে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আগের থেকে বেশি আনন্দ পাবেন আশা করি।”
পর্যটকদের ভ্রমণ যাতে নির্বিঘ্ন হয় সেজন্য বনবিভাগ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে বলে জানান তিনি।
আরও পড়ুন
