২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতাকে ‘কুপিয়ে গরু বিক্রির টাকা লুট’, থানায় মামলা

১১ জনকে আসামি করে মামলা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 10:01 PM

Updated : 25 Jun 2023, 10:01 PM

জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিমকে পিটিয়ে ও কুপিয়ে গরু বিক্রির ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে মামলা হয় বলে জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে।

ওসি জানান, তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে আসামিদের নাম-পরিচয় এ মুহূর্তে জানানো যাচ্ছে না।

মামলার বাদী রেজাউল করিম ওই ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও একই ইউনিয়নের পূর্ব পাইকর গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের ছেলে।

রেজাউলের অভিযোগ, গত শুক্রবার সন্ধ্যায় তিনি তার খামার থেকে উপজেলার সগুনা এলাকার পাইকারদের কাছে সাড়ে ৫ লাখ টাকায় ৬টি গরু বিক্রি করেন। একই এলাকায় তার শ্বশুরবাড়িতে আড়াই লাখ টাকা রেখে বাকি ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইলে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন তার ছেলে আরাফাত হোসেন রনিক (১৮)।

পথে সদর উপজেলার গোপালপুর এলাকায় ১০/১১ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে হামলা চালায়। সন্ত্রাসীরা রামদা, সামুরাই, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রেজাউল ও তার ছেলে গুরুতর আহত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়।