অনুপস্থিত প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ আদেশ দেয়।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ আদেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের বিদ্যালয়- ১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মচারী অনুমোদন ব্যতীত কিংবা ছুটি শেষেও অনুপস্থিত রয়েছেন। এতে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানে বিঘ্ন ঘটছে। এছাড়াও প্রশাসনিক শৃংখলা লংঘিত হচ্ছে;
যা সরকারি কর্মচারী আচরণ, নিয়মিত উপস্থিতি, শৃংখলা ও আপিল বিধিমালার সুস্পষ্ট লংঘন। বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ।
কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অননুমোদিতভাবে অনুপস্থিতির বিষয়ে প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
