গাজীপুরে সড়ক বিভাজকে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২
নিহতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গাজীপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়; এতে কারে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)। তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকাগামী একটি প্রাইভেট কার ওই মহাসড়কের কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওই থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, “লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”
