রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের পতাকা মিছিল
বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে প্রিয় দল জন্য শুভকামনা জানান তারা।
প্রিয় দলের জয় কামনা করে ৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে রংপুরে মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা।
আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘোরে। এ সময় সড়কের পাশ থেকে হাত নাড়িয়ে তাদের উৎসাহ দেন অন্য সমর্থকরা।
মিছিলে সব বয়সী সমর্থকরা অংশ নেন; ৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা ছাড়াও আর্জেন্টিনার প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন ছিলো তাদের হাতে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে প্রিয় দল জন্য শুভকামনা জানান তারা।
আর্জেন্টিনার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করে দলটির সমর্থক হাবিবুর রহমান হাবিব বলেন, “এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয় হবেই।”
আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সভাপতি আফজাল হোসেন বলেন, “আমরা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা প্রিয় দলের জয় কামনা করে র্যালি করেছি। আশা করি এবার কাতার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।”
মঙ্গলবার নগরীর টাউনহল চত্বরে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখার আয়োজন করা হয়েছে বলেও জানান আফজাল।
