এইচএসসি : ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী কমেছে ৬ হাজারের বেশি
পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৬৩ হাজার ১৫১ জন শিক্ষার্থী।
রোববার থেকে সারা দেশের মতো ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে চার জেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই শিক্ষাবোর্ডে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ছয় হাজারেরও বেশি।
করোনার প্রভাবে এই সংখ্যা কমেছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছর থেকে শিক্ষার্থী বাড়বে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ময়মনসিংহের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এস এম মোবাশ্বির হোসাইন জানান, নেত্রকোণা, শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহ এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৬৩ হাজার ১৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ৬০ হাজার ৬৩৭ জন। অনিয়মিত দুই হাজার ৫১৪ জন শিক্ষার্থী।
গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬৯ হাজার ২১৭ জন। এবছর কমেছে ছয় হাজার ৬৬ জন পরীক্ষার্থী।
তিনি বলেন, করোনা মহামারীর প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে। অনেকে পারিবারিক অর্থনৈতিক টানাপোড়েনে অন্য কাজে যুক্ত হয়ে গেছে, এছাড়া কিছু শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম বলেন, ইতোমধ্যে এইচএসসি পরীক্ষার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। ৮৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার জেলায় মোট পরীক্ষার্থী ৬৩ হাজার ১৫১ জন।
এরমধ্যে শেরপুর জেলার সাতটি কেন্দ্রে সাত হাজার ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। নেত্রকোণা জেলার ২১টি কেন্দ্রে ১২ হাজার ৪৩৭জন, জামালপুর জেলার ২২টি কেন্দ্রে ১২ হাজার ৯৭৭জন এবং ময়মনসিংহ জেলার ৩৯ টি কেন্দ্রে ৩৯ হাজার ৯২০ জন পরীক্ষার্থী অংশ নিবেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে পরীক্ষা নির্বিঘ্ন করতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে সাবান পানির ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করবে।
“প্রথমদিন নির্ধারিত সময়ের আধঘণ্টা পূর্বে হলে প্রবেশ করবে শিক্ষার্থীরা। কোন ধরণের মোবাইল অথবা ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।”
প্রত্যেক কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন বলেও জানান চেয়ারম্যান।
ময়মনসিংহ মহানগরীর মহাখালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জিয়াউদ্দিন শাকের বলেন, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে। এর মধ্যে বেঞ্চে রোল নম্বর লাগানো হয়েছে। প্রত্যেক বেঞ্চে দুইজন করে শিক্ষার্থী বসবে। বিষয়গুলো সার্বক্ষণিক বোর্ড নজরদারী করছেন।
