কক্সবাজারের সাগরে এক জেলের লাশ উদ্ধার, ‘ভেসে রয়েছে আরও ২’
মৃতদেহ দুটি উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা জানিয়েছেন।
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে সাগরে বৈরী আবহাওয়ায় মাছ ধরার ট্রলার ডুবির পর নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তাছাড়া আরও দুটি মৃতদেহ ভেসে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার থানার এসআই মো. আমজাদ হোসেন বলেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মো. আইয়ুব (৫০) নামে এক জেলের মৃতদেহটি উদ্ধার করেন তারা।
বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগরের খুরুশকূল বেড়িবাঁধ এলাকা থেকে তা মৃতদেহ উদ্ধার করা হয়।
আইয়ুব কক্সবাজার শহরের হাজীর ঘোনা এলাকার ফজল আহমদের ছেলে। তাদের আদিবাড়ি খুরুশকূল ইউনিয়নের ঘোনার পাড়ায়।
এসআই আমজাদ বলেন, “সাগরে ভেসে থাকা দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শনিবার বিকালে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল সংলগ্ন সাগরে এ দুটি মৃতদেহ ভাসার খবর স্থানীয়দের কাছে পেয়েছে পুলিশ।
কোস্টগার্ড সদস্যদের সহায়তায় ফিশিং ট্রলার মালিক সমিতির লোকজন মৃতদেহ দুটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।
কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. হামিদুল ইসলাম বলেন, মহেশখালীর সোনাদিয়া চ্যানেল সংলগ্ন সাগরে দুটি মৃতদেহ ভাসার খবর পেয়ে ট্রলার মালিক সমিতিকে অবহিত করা হয়েছে। পরে স্থানীয় জেলেদের সহায়তায় লাশগুলো উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
শুক্রবার বিকালে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের অদূরবর্তী সাগরে বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ে এফবি মায়ের দোয়া নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এর আগে মঙ্গলবার সদর উপজেলার খুরুশকূলের জাকির হোসাইনের মালিকাধীন এ ট্রলারটি ১৯ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ফেরার পথে ট্রলারটির ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড সদস্য ও অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে আটজনকে উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ থাকেন। শনিবার রাতে সাগরে অবস্থানকারী বিভিন্ন ট্রলার নিখোঁজ আট জেলেকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সাগরে ভেসে থাকা মৃতদেহ দুটি নিখোঁজ দুই জেলের।
ট্রলারটিও এখনও শনাক্ত হয়নি বলে তিনি জানান।
