২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ধরা পড়ল ১৫৯ ‘কালো পোয়া’, দাম হাঁকাচ্ছেন ২ কোটি

কক্সবাজারের জেলে মোজাম্মেলের বাড়িতে মাছগুলো এক নজর দেখতে ভিড় করছে উৎসুক জনতা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 12:37 AM

Updated : 23 Dec 2023, 12:37 AM

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক জেলের জালে ১৫৯টি ‘কালো পোয়া’ মাছ ধরা পড়েছে; আর এসব মাছের দাম হাঁকানো হচ্ছে দুই কোটি টাকা।

শুক্রবার উপজেলার ধলঘাটা ইউনিয়নের ধলাঘাটা সংলগ্ন সাগরে মোজাম্মেলের জালে এসব মাছ ওঠে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু জানান।

মোজাম্মেল হোসেন ওরফে মোজাম্মেল বহদ্দার ওই ইউনিয়নের বাসিন্দা।

ইউপি চেয়ারম্যান আহসান বলেন, “মোজাম্মেল খুবই গরীব। তার পরিবারের দিকে চোখ তুলে তাকিয়েছে আল্লাহ। এটা আল্লাহর নিয়ামত।”

মাছগুলোর দাম দুই কোটি টাকা হাঁকানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, “কালো পোয়া যেহেতু খুবই দামি মাছ; হয়ত দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন মোজাম্মেল।”

কালো পোয়া আকারভেদে দাম কম বেশি হয়ে থাকে জানিয়ে মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “এক কেজি সাইজের মাছের দাম এক হাজার টাকা হতে পারে। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি হলে দামটা অনেক বেশি হবে। মাছগুলো আমি দেখেছি, তবে দুই কোটি টাকা দাম হাঁকানোর মতো নয়।”

একসঙ্গে ১৫৯টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে এলাকায় হৈচৈ পড়ে গেছে। মাছগুলো এক নজর দেখতে মোজাম্মেলের বাড়িতে ভিড় করছে উৎসুক জনতার।