পাওনাদারের মারপিটে এক ফল ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেনের কারণে ব্যবসায়ীর কাছে পাইকারী বিক্রেতা লক্ষাধিক টাকা পাওনা হয়ে যান বলে জানিয়েছেন নিহতের ভাই।
মাগুরার মহম্মদপুর উপজেলায় পাওনাদারের মারপিটে এক ফল ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের রজপাট গ্রামে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায়।
নিহত ফল ব্যবসায়ীর নাম রতন কুমার বসু (৫০), তিনি রাজপাট গ্রামের মৃত নির্মল কুমার বসুর ছেলে।
নিহতের ছোট ভাই বাপ্পি বসু অভিযোগ করেন, তার ভাই মাগুরার রনি মল্লিক নামে এক পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন প্রকার ফল কিনে স্থানীয় রাজাপুর বাজারে খুচরা বিক্রি করতেন।
দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেনের কারণে তার ভাইয়ের কাছে লক্ষাধিক টাকা পাওনা হয়ে যান রনি মল্লিক। শনিবার সন্ধ্যায় এই টাকা আদায় করতে রনি মল্লিক তার লোকজন নিয়ে রাজপাট গ্রামে তার ভাই রতন বসুর বাড়িতে গিয়ে তাকে মারপিট করে।
মারপিটে রতন বসু অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভতি করা হয়। পরে শরীরিক অবস্থার অবনতি হলে রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি অসিত কুমার রায় জানান, ফল ব্যবসায়ী রতন বসু পাওনাদারের মারপিটের আহত হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
