‘ঝুঁকিপূর্ণ’ মীর মশাররফ হোসেন হল ভাঙার সুপারিশ, সিদ্ধান্ত নেয়নি জাবি
“বিষয়টি উপাচার্য অবগত আছেন, সকলে বসে ভবন ভাঙা বা মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অথবা রাজউকের সঙ্গে যোগাযোগ করা হবে।”
ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবন ভেঙে ফেলার সুপারিশ করেছে রাজধানী নগর উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। সাত দিনের মধ্যে ভবন খালি করে ভেঙে ফেলার সুপারিশ থাকলেও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজউকের তত্ত্বাবধানে পরিচালিত আরবান রেজিলিয়েন্সের পরিচালক আবদুল লতিফ হেলালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল, হলের সঙ্গে শিক্ষকদের তিনতলা একটি কোয়াটার এবং আরেকটি দোতলা কোয়ার্টার- এই মোট তিনটি ভবন ভাঙার জন্য আমরা চিঠি দিয়েছি।”
তবে ভবন ভাঙা হবে কি-না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি, সবাই মিলে বসে এই সিদ্ধান্ত নেওয়া হবে।”
আবদুল লতিফ হেলালীর ভাষ্যমতে, “রাজউক এরই মধ্যে বিশ্ববিদ্যালয়কে দুইবার চিঠি দিয়েছে, হয়তো সিস্টেম মানতে গিয়ে আরও চিঠি দেওয়া হবে। তাই বলে রাজউক গিয়ে ভবন ভাঙবে না। বিশ্ববিদ্যালয় যেহেতু স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান তারাই সেই সিদ্ধান্ত নেবে।
“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে আমাদেরকে চ্যালেঞ্জও করতে পারে। আমরা তুর্কি এবং ইরানি পরামর্শক দিয়ে পরীক্ষা করিয়েছি। আমাদের কাজ যদি বিশ্ববিদ্যালয়ের পছন্দ হয়ে না থাকে তারা চ্যালেঞ্জ করুক; বুয়েট বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে লোক এনে পরীক্ষা করিয়ে দেখুক। তবে কোনো শিক্ষার্থী যেন সমস্যায় না পরে সেটাই আমাদের উদ্বেগের বিষয়। এজন্য বার বার তাদেরকে তাগাদা দেওয়া হচ্ছে।”
তবে রাজউক থেকে দুইবার চিঠি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন রেজিস্ট্রার রহিমা কানিজ।
তার ভাষ্যমতে, “রাজউক আমাদের একবারই চিঠি দিয়েছে। আমরা তাদের কিছু আর জানাইনি তারাও আমাদের আর কিছু বলেনি।”
১২ মার্চ রাজউকের একটি সভায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৪২টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার সুপারিশ করা হয়। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল এবং দুটি শিক্ষকদের কোয়াটার ভবন ভাঙার সুপারিশ করা হয়।
এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০টি ভবন সংস্কার করার কথাও উল্লেখ করা হয় রাজউকের সুপারিশে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ভবন, পুরাতন কলা ভবন, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, নতুন কলা ভবনের পাঁচটি বিভাগ ও সমাজবিজ্ঞান অনুষদ ভবনের দুটি বিভাগ সংস্কারের কথা বলা হয়েছে।
এদিকে হল ভেঙে ফেলার সুপারিশ কোন বৈজ্ঞানিক ভিত্তিতে করা হয়েছে- এমন প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওবায়েদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কীসের ভিত্তিতে রাজউক বলেছে হল ভেঙে ফেলতে হবে তা আমার জানা নাই। দুই বছর আগে যখন রাজউকের টিম আমাদের হলে এসেছিল তখন ভবন পরীক্ষা করে তারা মৌখিকভাবে বলেছিল যথেষ্ট ভালো আছে। এতদিন পর কীসের ওপর ভিত্তি করে তারা বলছেন সাত দিনের মধ্যে হল খালি করে ভেঙে ফেলতে হবে। তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে আমার মনে হয় না।
“দুই বছর আগের পরীক্ষা করা বিষয়টি হঠাৎ কেন সাত দিনের মধ্যে ভেঙে ফেলতে বললো তা আমার বুঝে আসেনি।”
প্রাধ্যক্ষ আরও বলেন, “এরই মধ্যে দুইটা প্রজেক্ট আসাতে হলের সংস্কার করা হয়েছে। হলের ছাদের সব রড পরিবর্তন করে নতুন রড বসানো হয়েছে। সব মিলিয়ে যা সংস্কার হয়েছে আগামী ১০০ বছরে মীর মশাররফ হোসেন হল কিছু হবে না বলে আমি আশাবাদী।”
তবে দুই বছর আগে থেকে প্রকল্পের কাজ শুরু করলেও সেটা থেমে থাকেনি বলে জানান প্রকল্প পরিচালক হেলালী।
তার ভাষ্যমতে, “কোভিডের শুরুর দিকে আমরা কাজ শুরু করেছিলাম তবে এই কাজ একদিনে করা হয়নি। কাজ করতে বহুবার জাহাঙ্গীরনগর আমাদের যেতে হয়েছে। সর্বশেষ কয়েক মাস আগেও আমরা গিয়েছি। সুতরাং দুই বছর আগের পরীক্ষা দিয়ে আমরা এ ভবনগুলো বিচার করছি সেটা ভুল। বরং প্রতিনিয়ত কাজের ওপর থেকে আমরা পরীক্ষা করেছি এবং সেটার ফলাফল দিয়েছি।”
১০টি সংস্কার করা ভবনের মধ্যে একটি এসেছে সমাজবিজ্ঞান বিভাগ। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে কোনো বিভাগই নেই।
এ ব্যাপারে জানতে চাইলে হেলালী বলেন, “সেটা নৃবিজ্ঞান বিভাগ হবে, ভুলক্রমে সমাজবিজ্ঞান বিভাগ দেওয়া হয়েছে।”
এদিকে নতুন ও পুরাতন কলা ভবন মেরামতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক তেমন কিছুই জানেন না বলে জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাস মহামারীর আগে রাজউকের টিম আমার অনুমতি নিয়েই নতুন ও পুরাতন কলা ভবন পরীক্ষার কাজ শুরু করেন। তবে রাজউক থেকে আমাকে সংস্কারের বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও রাজউকের চিঠির বিষয়ে আমাকে কিছু বলেনি। তবে শুনেছি রাজউক ভবন দুটিকে সংস্কার করার জন্য বলেছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার কাছে যে চিঠি দিয়েছে সেখানে ১০টি ভবন সংস্কার এবং তিনটি ভবন ভেঙে ফেলার কথা বলা হয়েছে। তবে কোন ভবনগুলো ভাঙা হবে বা কোনগুলো সংস্কার করা হবে তা বলা হয়নি।”
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠিতে ১০টি ভবন সংস্কার ও তিনটি ভবন ভেঙে ফেলার কথা বলা হয়েছে। তবে ভবনের সংখ্যা ও কোড থাকলেও ভবনের নাম সুনির্দিষ্ট করে চিঠিতে উল্লেখ ছিল না। বিষয়টি উপাচার্য অবগত আছেন, সকলে বসে ভবন ভাঙা বা মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অথবা রাজউকের সঙ্গে যোগাযোগ করা হবে।”
