চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গণসংযোগে চিত্রনায়িকা মাহি
দ্বাদশ সংসদ নির্বাচনে আসনটি থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান এ অভিনেত্রী।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গণসংযোগ শুরু করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
শুক্রবার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় গণসংযোগে করেছেন তিনি। এ সময় মাহির স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রাকিব সরকারকে তার সঙ্গে দেখা গেছে।
মাহির ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ দম্পতিকে অটোরিকশা, বাসযাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্বলিত প্রচারপত্র বিলি করতে দেখা গেছে।
এ সময় মাহি বলেছেন, “আগামী সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসন থেকে প্রার্থী হতে চাই। দল যদি আমাকে এ আসনে প্রার্থী করেন তাহলে আওয়ামী লীগের বিজয় ঘরে তুলে আনতে পারবো। সেই লক্ষে এলাকায় সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।”
এরই ধারবাহিকতায় বৃহস্পতি ও শুক্রবার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় গণসংযোগ করার কথা জানান তিনি।
মাহির স্বামী রকিব বলেন, এর আগে উপনির্বাচনে মাহি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই সময় এলাকায় গণসংযোগ করলে ব্যাপক সাড়া পড়ে। পরে দলের উপর মহলের সিদ্ধান্ত মেনে আর প্রার্থী হননি।
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ইচ্ছা পূরণ করবেন বলে প্রত্যাশা মাহি-রাকিব দম্পতির।
