নাটোরে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
২০১৮ সালের ২০ এপ্রিল রাতে মুড়ির সঙ্গে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে শাহীন হত্যা করেন বলে জানান পিপি।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার নাটোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সিরাজুল ইসলাম জানান।
দণ্ড পাওয়া শাহীন হোসেন (৪৫) উপজেলার মশিন্দা ইউনিয়নের পূর্ব চরপাড়া এলাকার প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে।
নিহত মোছা. তৈফুল বেগম (৩৪) একই ইউনিয়নের পশ্চিম চরপাড়া এলাকার চান মোহাম্মদের মেয়ে।
মামলার বরাতে পিপি সিরাজুল বলেন, “প্রায় ২০ বছর আগে তৈফুল ও শাহীনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন শাহীন। এ দম্পত্তির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
“বিয়ের পর থেকে বিভিন্ন সময় তৈফুলকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করত শাহীন। ২০১৮ সালের ২০ এপ্রিল রাতে শাহীন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীকে ডেকে বলেন, কে বা কারা ঘরের সিঁধ কেটে ঢুকে তৈফুলকে হত্যা করেছে।”
পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাহীন রাতে মুড়ির সঙ্গে তৈফুলকে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেন বলে জানান পিপি সিরাজুল।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
