ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য মেহেদি হাসান সানি ও মহিউদ্দীন অপুকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
