২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘ওয়ান শুটার গান’ উদ্ধার, ‘অস্ত্র তৈরির কারিগর’ আটক

পুলিশ জানিয়েছে আটক ইকবাল অস্ত্র তৈরি করে বিভিন্ন জেলায় সরবরাহ করতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

যশোর প্রতিনিধি

Published : 24 Oct 2022, 07:06 PM

Updated : 25 Oct 2022, 09:45 AM

যশোরে এক ব্যক্তি আটক হয়েছেন, যাকে ‘আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর’ বলছে গোয়েন্দা পুলিশ।

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রূপন কুমার সরকার জানান, সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের পূর্বপাড়ায় রোববার রাতে এই অভিযান চালানো হয়।

আটক ইকবাল হোসেনের কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে ওসি রূপন জানান।

রূপন কুমার সরকার বলেন, চাঁচড়ার পূর্বপাড়ায় রোববার রাত ৮টার দিকে প্রথমে একটি ওয়ান শুটার গানসহ ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র তৈরি করেন বলে জানান।

“তার স্বীকারোক্তিতে ওইদিন রাত ১০টার দিকে চাঁচড়ার একটি পুকুর পাড়ে পুঁতে রাখা একটি শুটার গান এবং তার বাড়ির খাটের নিচ থেকে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।”

উদ্ধার সরঞ্জামের মধ্যে ওয়ান শুটার গান তৈরির ইস্পাতের ফ্রেম, পাত, পাইপ ও ট্রিগার সদৃশ লোহা রয়েছে বলে তিনি জানান।

ওসি রপন আরও বলেন, ইকবাল চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া দাড়িপাড়ার প্রয়াত মহর আলী বিশ্বাসের ছেলে। তার নামে যশোর কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক বিরোধী আইনে তিনটি মামলা রয়েছে। অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় সোমবার আরও একটি অস্ত্র আইনের মামলা করা হয়েছে।

রূপন বলেন, ইকবাল অস্ত্র তৈরি করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।