বরিশালে শেখ রাসেল ল্যাবের চুরি হওয়া ৯ ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
বরিশালের গৌরনদী উপজেলায় একটি মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া নয়টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরিশাল পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার কাশেমাবাদ এলাকার আলাউদ্দিন বয়াতির ছেলে সিয়াম আহম্মেদ (২০), দক্ষিণ বিজয়পুর এলাকার নাছির শরীফের ছেলে রেজাউল শরীফ (২৮) ও একই উপজেলার কলাবাড়িয়া এলাকার প্রয়াত টমাস রায়ের ছেলে পার্থ রায় (২৩)।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল বলেন, গত ৩ অগাস্ট রাতে কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে নয়টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মজিবুর রহমান বলেন, গোপন খবর পেয়ে রোববার উপজেলার কাশেমাবাদ এলাকা থেকে প্রথমে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ছয়টি ল্যাপটপ।
পরে সিয়ামের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চুরির সঙ্গে জড়িত রেজাউল ও পার্থকে দক্ষিণ বিজয়পুর থেকে গ্রেপ্তার করে আরও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
পুলিশ সুপার ওয়াহিদুল আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি করে আসছেন।”
মাদ্রাসার অধ্যক্ষ কামেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাস বড় হওয়ায় নৈশপ্রহরী থাকলেও চুরির বিষয়টি টের পায়নি। রাতে চোর গাছ বেয়ে ভবনের দ্বিতীয় তলায় উঠে চুরি করেছে। গ্রেপ্তারদের মধ্যে সিয়াম এ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।”
