২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গলা কেটে হত্যা

ব্যবসায়িক লেনদেন না কি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড তা জানার চেষ্টা করছে পুলিশ।

চকরিয়ায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গলা কেটে হত্যা

প্রতীকি ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 02:02 AM

Updated : 16 Jul 2023, 02:05 AM

কক্সবাজারের চকরিয়া হাসপাতাল এলাকায় ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার ভিতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার।

নিহত মো. এরশাদুল্লাহ (৩২) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি ওষুধ কোম্পানি হেলথ কেয়ারের চকরিয়া উপজেলার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তবে কারা বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা এখনও জানতে পারেনি বলে জানান পরিদর্শক জব্বার।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে এরশাদুল্লাহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন। এক পর্যায়ে ৩/৪ জন অজ্ঞাত লোক তাকে জোরপূর্বক ধরে নিয়ে হাসপাতালের নির্জন মাঠের দিকে যায়। পরে তাকে গলায় উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এরশাদুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। ব্যবসায়িক লেনদেন না কি অন্য কোনো কারণে এ ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযানও চলছে।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।