বিয়ের সাত দিনের মাথায় স্ত্রীকে খুন: স্বামীর যাবজ্জীবন
২০১৮ সালে ২৩ অগাস্ট বিয়ে হয়; পরে যৌতুকের দাবিতে সাতদিনের মাথায় স্ত্রীকে হত্যা করে স্বামী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের সাতদিনের মাথায় স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুজ্জামান বুলবুল জানান।
সাজাপ্রাপ্ত মো. শামীম (২৯) রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পঁচাইখা গ্রামের মনির মিয়ার ছেলে। তিনি ওই গ্রামের একটি কারখানার মেশিন অপারেটর ছিলেন।
রায় ঘোষণার সময় শামীম কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ২৩ অগাস্ট শামীমের সঙ্গে একই গ্রামের মনির হোসেনের মেয়ে শিউলি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় ছেলেপক্ষ ৭০ হাজার টাকা যৌতুক দাবি করলেও ৩৫ হাজার টাকা দেয় মেয়ের দরিদ্র পরিবার।
এ নিয়ে কলহের জেরে বিয়ের সাতদিনের মাথায় শামীম তার নববিবাহিত স্ত্রী শিউলিকে গলাকেটে হত্যা করে। ৩১ অগাস্ট সকালে শিউলির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে শিউলির মা আমেনা বেগম রূপগঞ্জ থানায় শামীমসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর শামীম আদালতে জবানবন্দিও দেয়। তদন্ত শেষে পুলিশ তাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
