২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঘরের পাশের জলাশয়ে ডুবেই দুই শিশুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2022, 05:27 PM

Updated : 07 Aug 2022, 05:27 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি ও গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামে দুই শিশুর মৃত্যু হয় বলে জানান রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।

নিহত দুই শিশু হলো- উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের মো. নজরুল হাওলাদারের এক বছর তিন মাস বয়সের ছেলে মো. ইয়ামিন এবং গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামের মো. বাহাদুর খলিফার এক বছর চার মাস বয়সী ছেলে মো. ইয়াসিন।

ইয়ামিনের চাচা মো. আল-আমিন জানান, শিশুটিকে সঙ্গে নিয়ে তার মা সাহনাজ বেগম রান্না করছিলেন। হঠাৎ ইয়ামিনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তিনি। পরে রান্না ঘরের পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

অপরদিকে ইয়াসিনের দাদা আব্দুস ছালাম জানান, ইয়াসিনকে নিয়ে তার মা ছনিয়ার বেগম রান্নার আয়োজন করছিলেন। এরই মধ্যে ইয়াসিন খেলা করতে করতে তার মায়ের চোখের আড়ালে চলে যায়।

পরে ইয়াসিনকে ঘরের পাশের খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।