২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানা চত্বরে পরিত্যক্ত বোমা নিয়ে খেলার সময় ঝলসাল ২ শিশু

মেহেরপুর সদর থানা চত্বরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 05:06 PM

Updated : 28 Feb 2023, 05:17 PM

মেহেরপুর সদর থানা চত্বরে পরিত্যক্ত দুটি বোমার বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন জানান।

আহত দুই শিশু হলো- শহরের থানা পাড়া এলাকার সাঈদ এবং গোভিপুর গ্রামের রুবেল।

এদের মধ্যে সাঈদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, চত্বরের ভেতরেই থানার মূল ভবন থেকে দেড়শ গজ দূরে মসজিদের সামনে প্রতিদিনের মত দুই শিশু খেলা করছিল। এ সময় সেখানে তারা দুটি পরিত্যক্ত হাতবোমা পায়।

“প্রথমে শিশুরা কৌটার স্কচ টেপ খোলার চেষ্টা করে। পরে ইটের উপর রেখে সেগুলো ভাঙার চেষ্টা করে। এ সময় বোমা দুটির বিস্ফোরণ ঘটে।

আজমল হোসেন বলেন, “বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ সদস্যরা ছুটে গিয়ে দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “বোমা দুটি কিভাবে শিশুদের হাতে এলো, আর কোথায় পেয়েছে সেটা তদন্ত করে বের করা হবে।“

হাসপাতালের চিকিৎসক হাসান মঞ্জুরুল সাংবাদিকদের বলেন, “আহত সাঈদের এক হাতের কব্জি বোমা বিস্ফোরণে ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনেরও হাত-পা-মাথা ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। পায়ের অল্প ঝলসেছে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।“