সিলেটের সড়কে প্রাণ হারালেন কাতারগামী হাদিউল
তাছাড়া এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজারের বাড়ি থেকে প্রাইভেট কারে সিলেট যাচ্ছিলেন ৪৮ বছর বয়সী হাদিউল হক। উদ্দেশ্য সিলেট ওসমানী বিমানবন্দর থেকে কাতারের উড়োজাহাজ ধরবেন। কিন্তু সিলেটের গোলাপগঞ্জ পৌঁছাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তার।
গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, হাদিউল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা। মঙ্গলবার সকালে উপজেলার পাকশাইল গ্রামের বাড়ি থেকে প্রাইভেট কারে সিলেট যাচ্ছিলেন হাদিউল। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন। সিলেট ওসমানী বিমানবন্দর থেকে কাতার যাওয়ার কথা ছিল হাদিউলের।
“সকাল সাড়ে ৭টার দিকে তারা গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় দুর্ঘটনায় পড়েন। একটি ট্রাকের সঙ্গে তাদের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। কারটি দুমড়ে-মুচড়ে গেলে হাদিউল ঘটনাস্থলেই মারা যান।“
তাছাড়া চারজন আহত হন এ দুর্ঘটনায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ দুর্ঘটনায় পড়া ট্রাকটি আটক করেছে।
