২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতাইকুলা গ্রামে নির্বিচারে হত্যা ও ধর্ষণ করে পাকিস্তানি বাহিনী

হানাদাররা গ্রামের পুরুষদের লাইন করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে; এরপর বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ এবং নারীদের ধর্ষণ করে।

আতাইকুলা গ্রামে নির্বিচারে হত্যা ও ধর্ষণ করে পাকিস্তানি বাহিনী

এই গ্রামে সেদিন নিহতদের স্মরণে গণকবরে বসানো হয় স্মৃতিফলক।

সাদেকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 11:33 AM

Updated : 16 Dec 2022, 12:36 PM

১৯৭১ সালের ২৫শে এপ্রিল পাকহানাদার বাহিনী নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রাম ঘেরাও করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাদের হাতে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত অর্ধশত নারী। 

দিনভর হানাদাররা বাড়িঘরে লুটপাট করে; জ্বালিয়ে দেয় বাড়িঘর। 

সেদিন বেঁচে যাওয়া যারা এখনও জীবিত তাদের মুখে শোনা যায় সেদিনের লোমহর্ষক কাহিনি। 

Image

১৯৭১ সালের ২৫ এপ্রিল নিহতদের নামের তালিকা।

ওইদিন গ্রাম ঘেরাও করে ৫২ জনকে গুলি করে হত্যা করা হয়। ধর্ষণের শিকার হন তাদের বিধবা স্ত্রী ও মেয়েরা। সেই নারীদের মধ্যে ১১ জন রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। স্বীকৃতি চেয়ে আবেদন করেছেন আরও ৩২ জন। 

আতাইকুলা গ্রামের এই বীর মুক্তিযোদ্ধা নারীরা (বীরাঙ্গনা) অন্য মুক্তিযোদ্ধাদের মতো সরকারি বাড়ি পেতে চান, যাতে জীবনের শেষ সময়ে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারেন। 

একই সঙ্গে তারা সেদিন নিহত ৫২ জনের গণকবরে রাষ্ট্রীয়ভাবে স্মৃতিসৌধ নির্মাণ ও নিহতদের শহীদের মর্যাদাদানের দাবি জানান। 

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া আতাইকুলা গ্রামের বীর নারীদের মধ্যে রয়েছেন কালিদাসী পাল, রাশমনি পাল, বাণী রানী পাল, ক্ষান্ত রানী, রেনু বালা, সুষমা বালা, মায়া সূত্রধর, সন্ধ্যারাণী পাল, গীতা রানী পাল ও সুষমা পাল। একজনের নাম পাওয়া যায়নি। 

সেদিন ওই গ্রামের অর্ধশতাধিক পুরুষকে সারিবদ্ধভাবে বসিয়ে গুলি করে হানাদাররা। সেখান থেকে ভাগ্যক্রমে বেঁচে যান প্রদ্যুৎ কুমার পাল। 

Image

১৯৭১ সালের ২৫ এপ্রিল নিহতদের গণকবরে লাগানো স্মৃতিফলক।

প্রদ্যুৎ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওইদিন আমার চোখের সামনে আমাদের বাড়ির আঙিনায় বাবা-কাকাকে গুলি করে হত্যা করে হানাদাররা। এরপর টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটপাট শেষে তারা গ্রামবাসীকে হত্যার সিদ্ধান্ত নেয়।” 

তিনি বলেন, একই জায়গায় ধরে আনা অর্ধশতাধিক গ্রামবাসীকে সারিবদ্ধভাবে পশ্চিম মুখ হয়ে বসতে বলে এবং আল্লাহকে স্মরণ করতে বলে। 

Image

আতাইকুলা গ্রামের নারী মুক্তিযোদ্ধাদের কয়েকজন এখনও বেঁচে আছেন।

“তাদের মধ্যে আমার আরও দুই ভাইসহ আমরা তিনজন ছিলাম। হানাদাররা ব্রাশফায়ার শুরু করলে আমি আরও নিচু হয়ে যাই। ফলে আমার শরীরের ওপর একটার পর একটা মরদেহ পড়ে আমি ঢাকা পড়ে যাই; ভাগ্যক্রমে  অক্ষত অবস্থায় বেঁচে যাই আমি।” 

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাকহানাদাররা গ্রামে এই হত্যা, নির্যাতন, লুটপাট ও ধর্ষণ চালায় বলে প্রদ্যুৎ জানান। 

সেদিন ধর্ষণের শিকার নারীদের মধ্যে ১১ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে সরকার তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে। 

ইতোমধ্যে এই ১১ নারী মুক্তিযোদ্ধার মধ্যে পাছ জন প্রয়াত হয়েছেন বলে প্রদ্যুৎ কুমার পাল জানান। 

বেঁচে থাকা বীর মুক্তিযোদ্ধা রাশমনি পাল বলেন, “যুদ্ধের সময় স্বামী, দেবর, সম্মান সবকিছু হারিয়েছি। লোকলজ্জার ভয় না করে অনেক চেষ্টার পর ২/৩ বছর ধরে ভাতা পাচ্ছি। একটু ভালোভাবে, নিরাপদে থাকার জন্য আমরাও মুক্তিযোদ্ধাদের মতো বাড়ি চাই সরকারের কাছে।” 

Image

এই বাড়ির আঙিনায় ১৯৭১ সালের ২৫ এপ্রিল সারবেঁধে বসিয়ে অর্ধশত পুরুষকে হত্যা করেছিল পাকহনাদাররা; জায়গাটা দেখিয়ে দিচ্ছেন সেদিন বেঁচে যাওয়া প্রদ্যুৎ কুমার পাল।

একই দাবি বীর মুক্তিযোদ্ধা কালি পালের। 

তিনি বলেন, “আমরাও তো স্বীকৃতি পেয়েছি নারী মুক্তিযোদ্ধা হিসেবে। তা হলে আমাদের কেন সরকারিভাবে বাড়ি দেওয়া হবে না?” 

রানীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমাইল হোসেন এই ১১ বীর মুক্তিযোদ্ধা নারীকে অগ্রধিকার ভিত্তিতে বীর নিবাস নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। 

নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান, আতাইকুলা গ্রামে বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ  নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে। খুব শীঘ্রই এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। 

Image

বাড়ির দেওয়ালে একটি গুলির ক্ষত এখনও সেদিনের হত্যাযজ্ঞের সাক্ষ্য বহন করছে।

এছাড়া জেলায় যারা নারী মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বীর নিবাস নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা প্রশাসক জানান। 

তিনি আরও জানান, জেলায় মোট ১৭ জন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন একাত্তরে রণাঙ্গনের সঙ্গীতশিল্পী। এই নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে বর্তমানে বেঁচে আছেন ১০ জন।