তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান: বিএনপিকে ওবায়দুল কাদের
সামনে কঠিন দিন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “ভোট চুরি, জালিয়াতি, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।”
বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যেতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না।”
রোববার বিকালে দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলন উপলক্ষে নগরীর ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে নৌকার আদলে করা মঞ্চ করা হয়।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, “তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছে। আমাদের কী? দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। অন্য যেকোন দেশে যে পদ্ধতিতে ইলেকশন হয়, আমাদের সংবিধানেও সেভাবে ইলেকশনের কথা বলা আছে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সব ধরনের সহযোগিতা করবে।”
সামনে কঠিন দিন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “ভোট চুরি, জালিয়াতি, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার তালিকা, নারী নির্যাতন, গুম, খুনের বিরুদ্ধে খেলা হবে। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। রাজপথে মোকাবিলা হবে। আসল মোকাবিলা হবে ডিসেম্বরে।”
বিএনপির জনসভায় লোকসমাগমের প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, “আপনারা লাখো লোকের জনসভার কথা বলেন। আরে লাখো লোক আমাদেরই; আপনাদের সাথে নেই। এই লাখো লোক নিয়ে অ্যাকশন হবে, খেলা হবে। ডিসেম্বরে বিজয়ের মাস। ডিসেম্বরে জনতার সমুদ্রের গর্জনধ্বনি শুনতে পারবেন। ফখরুল সাহেব, কান পেতে শুনতে থাকুন।”
“কাপুরুষের মতো আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পারি জমিয়েছে। কে সে?”
এ মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে যোগ্য, ভালো ও সৎ মানুষ নেই বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আবারও শেখ হাসিনাকে চায়। বাংলার জনগণ চেহারা না, কাজ দেখে ভোট দেয়। শেখ হাসিনা তো কম করেননি।”
তিনি আরও বলেন, “মানুষের কষ্ট দেখে আমরাও কষ্টে আছি। কারণ এর আগে বিদ্যুত বা গ্যাসের ঘাটতি ছিল না। জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি আগে ছিল না। এই সংকট বৈশ্বিক সংকট। শেখ হাসিনার ঘুম নাই। সারারাত তিনি জেগে থাকেন। তার বোন শেখ রেহানা লন্ডন শহরে বাসে চেপে যাতায়াত করেন। বড়বোনের পাশে সহযোদ্ধা ছোটবোনেরও ঘুম নাই। ঘুম নাই আপনাদের জন্য, জনগণের জন্য।”
জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে আগের কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলকে পুনর্বহাল রাখার ঘোষণা দেন ওবায়দুল কাদের।
তিনি পদ-বাণিজ্য না করে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, “কমিটি একটা হবে। নতুন নেতাও তো আসতে দেন না। মশাড়ির ভেতরে মশাড়ির খাটান। বসন্তের কোকিল আছে, দুঃসময়ের কর্মীরা নাই। এই আওয়ামী লীগের দরকার নাই।
“কিছু মানুষ আছে টাকা ছাড়া কিছুই বোঝে না। আর কত টাকা দরকার তাদের? দেশের মানুষ কিন্তু সব লক্ষ্য করে। কে কী করে তার খবর শেখ হাসিনার কাছে আছে। প্রেসিডেন্ট-সেক্রেটারি মাথা নাড়ছেন, পদ-বাণিজ্যের কথা যেন না শুনি। দেখে দেখে পকেটের লোক বানাবেন, চলবে না।”
পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানোর পর দলের প্রধান শেখ হাসিনা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে অনুমোদন দেবেন বলেও জানান দলের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “এবার কিন্তু তদন্ত করে খোঁজ-খবর নেবো। পয়সা খেয়ে যারা কমিটি করে তারা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। মাথা নাড়ছেন অনেকেই। কে কী করেন জানি; আর করবেন না। ভালো হয়ে যান। নিজেদের সংশোধন করুন। শেখ হাসিনা, শেখ রেহানার মতো সৎ হতে চেষ্টা করুন। ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করবেন না।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে একসঙ্গে দেখে স্বস্তি প্রকাশ করেন ওবায়দুল কাদের।
বেলা ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য রিয়াজুল কবির কাওসার, শাহাবউদ্দিন ফরাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
