ফেইসবুকে পরিচয়, বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ
এই ঘটনায় মেয়েটি বাদী হয়ে মামলা করেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেইসবুকের মাধ্যমে পরিচয় হওয়া তরুণীকে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে রোববার রাত ৮টার দিকে বিসিক শাসনগাঁও এলাকার নিজের বাসা থেকে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় বলে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আজিজুল হক জানান।
২৪ বছর বয়সী কৃষ্ণ কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুরের বাবুল চন্দ্র দাসের ছেলে। সে বিসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকে পোশাক কারখানায় কাজ করে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, কৃষ্ণর সঙ্গে এক বছর আগে ফেইসবুকে মেয়েটির পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভনও দেখায় কৃষ্ণ। গত ৮ অক্টোবর সকালে কৃষ্ণ মেয়েটির বোনের বাড়িতে গিয়ে বোন ও দুলাভাইয়ের সামনে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়।
পরে বোন ও দুলাভাই কৃষ্ণকে তার পরিবারের লোকজনকে নিয়ে আসতে বলে। ওইদিন বেলা ১১টার দিকে কৃষ্ণ মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এরপর বিয়ের কথা বললে তালবাহানা করে সে।
এই ঘটনায় মামলা হয়েছে জানিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আজিজুল হক জানান, মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
