বেনাপোল সীমান্তে খড়ের গাদায় মিলল ১০ হাতবোমা
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য হাতবোমাগুলো মজুদ করা হয়েছিল, এমনটা ধারণা করছে পুলিশের।
যশোরের বেনাপোল সীমান্তে একটি বাড়ির পাশে খড়ের গাদার ভেতর থেকে অবিস্ফোরিত ১০টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি সুমন ভক্ত জানান, শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের বৃত্তিআঁচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির পাশে হাতবোমাগুলো পাওয়া যায়।
তিনি বলেন, খবর পেয়ে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ওই বাড়ির পাশ থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে বাড়ির মালিক জাহাঙ্গীর মোল্লা পলাতক রয়েছেন।
“ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য হাতবোমাগুলো মজুদ করা হয়েছিল। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
হাতবোমাগুলো থানায় এনে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
