চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে খড়ের নিচে ১৯ হাতবোমা
উদ্ধার করা হাতবোমাগুলো শিবগঞ্জ থানার পুলিশের কাছে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামের বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে বালতিতে রাখা ১৯টি হাতবোমা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।
রোববার সকালে দুলর্ভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব হাতবোমা উদ্ধারের কথা জানান ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে রঘুনাথপুর ফাঁড়ির একটি টহল দল সীমান্তের প্রায় ৩০০ গজ ভেতরে খাকসাপাড়া গ্রামে যায়। সেখানে কালাম (৩০) নামের এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতি দেখতে পান বিজিবি সদস্যরা।
বালতিতে হাতবোমার মতো কিছু দেখতে পেয়ে তারা ঘটনাস্থল ঘিরে রাখেন এবং শিবগঞ্জ থানায় খবর দেন। এরপর পুলিশ এলে বিজিবি ও পুলিশ মিলে বালতির ভেতর থেকে ১৯টি হাতবোমা উদ্ধার করে।
পরে উদ্ধার করা হাতবোমাগুলো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানার পুলিশের কাছে দেওয়া হয়।
কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধ ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন।”
